১ জানুয়ারি, ১৯৭০

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত ইউএনও আবু মুছা ?

রাতের আঁধারে বেআইনি উচ্ছেদ চালিয়েও পার পেয়ে যাবেন বিতর্কিত  ইউএনও আবু মুছা ?

পটুয়াখালী সদর উপজেলার নির্মাণাধীন ইপিজেড সংলগ্ন এলাকায় কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে এবং সূর্যাস্তের পর রাতের অন্ধকারে উচ্ছেদ অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু মোঃ মুছার বিরুদ্ধে।

 ভুক্তভোগীদের দাবি, অধিগ্রহণকৃত এলাকার বাইরে নিজেদের বৈধ ও রেকর্ডীয় সম্পত্তিতে তারা এসব স্থাপনা নির্মাণ করেছিলেন। তবে কোনো কাগজপত্র যাচাই বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এ আকস্মিক অভিযান চালানো হয়, যা প্রাকৃতিক বিচারের নীতি ও প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন।

আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কোনো আইনি নোটিশ ছাড়া রাতের বেলা অভিযান পরিচালনা সুস্পষ্ট 'অসদাচরণ' ও ক্ষমতার অপব্যবহারের শামিল।

এ অবস্থায় ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট ইউএনও-র বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের সুনির্দিষ্ট এখতিয়ার রয়েছে জেলা প্রশাসকের (ডিসি)।

তবে স্থানীয়দের অভিযোগ, জেলায় ইতিপূর্বেও বিভিন্ন সরকারি কর্মকর্তার কোটি কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হলেও প্রশাসন কার্যকর কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি।

অতীতের এই নিষ্ক্রিয়তার কারণেই এবারও ডিসি মহোদয় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেবেন কি না, নাকি রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করবেন—তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ, অনাস্থা ও প্রশ্ন দেখা দিয়েছে। ভুক্তভোগীরা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুসার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেন নি। 
 
পটুয়াখালী সদর উপজেলায় যোগদানের পূর্বে ভোলার মনপুরা উপজেলার সাবেক নির্বাহী (ইউএনও) এই কর্মকর্তার বিরুদ্ধে “নতুন কুড়ি” স্পোর্টসের সরকারি বরাদ্দের ১ (এক) লক্ষ টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং আদালতের আদেশ উপেক্ষার গুরুতর অভিযোগ রয়েছে ।