যৌতুকের দাবিতে গৃহবধূকে পৈশাচিক কায়দায় নির্যাতন, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম এবং হত্যাচেষ্টার চাঞ্চল্যকর মামলার পলাতক প্রধান অভিযুক্ত মো. শাকিল ফকিরকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (০৪ নভেম্বর ২০২৬) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮ (সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প) এবং এসআরবি-২ (সিপিসি-২, বসিলা ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানার মুরাদিয়া এলাকার রফিক ফকিরের ছেলে। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে শাকিল ফকিরের বিয়ে হয় এবং তাদের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি ব্যবসা করার কথা বলে তিনি স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় গত কিছুদিন আগে আসামিরা ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে শয়নকক্ষে থাকা বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। হামলায় ভিকটিমের পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এই মামলার প্রধান অভিযুক্ত শাকিল ফকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এসআরবির এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।