লন্ডন, ৩১ অক্টোবর ২০২৬: ফেনী সমিতি ইউকে-এর নবগঠিত নির্বাচন কমিশনের পরিচিতি ও মতবিনিময় সভা শনিবার সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের কফি কর্নারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান আহ্বায়ক ওয়ালী উল্লাহ বাচ্চু। পরিচালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দিন রাসেল।
আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের সাবেক কর্মকর্তা কোরবান আলী। কমিশনের অন্য সদস্যরা হলেন মাইন উদ্দিন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কায়কোবাদ রুবেল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, প্রফেসর দেবব্রত চৌধুরী, ব্যারিস্টার সাইয়েদ শরিফ শাকিল এবং সাইফুদ্দিন ভূঁইয়া।
সভায় সংগঠনের ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়। ফেনী সমিতি ইউকের নাম ও লোগো ব্যবহার করে অনুমোদনহীনভাবে আরেকটি কমিটি ঘোষণার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ওই কমিটির সঙ্গে মূল সংগঠনের কোনো সাংগঠনিক বা আইনি সম্পর্ক নেই। তাঁদের বক্তব্য অনুযায়ী, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৩ সালে যুক্তরাজ্যের চ্যারিটি কমিশনে নিবন্ধিত সংগঠনটির নিবন্ধন নম্বর ১১৫৫৯১৫। সংগঠনটি গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান আহ্বায়ক কমিটি ও ট্রাস্টিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
মূল ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাজাহান ও আব্বাস উদ্দিন। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান আহ্বায়ক ওয়ালী উল্লাহ বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার নিজাম উদ্দিন রাসেল এবং যুগ্ম আহ্বায়ক আবু নাসের মুজাহিদ।
আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন ভূঁইয়া খোকন, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান জাহিদ, মোহাম্মদ এ শেখ, মো. মোজাম্মেল হক ভূঁইয়া, মোহাম্মদ ওবায়দুল হক, মোহাম্মদ হাসান ভূঁইয়া, মোহাম্মদ কামাল উদ্দিন, শহীদ উল্লাহ, মীর মোশাররফ হোসেন ও আব্দুল আহাদ। এ ছাড়া সংগঠনের সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার কোরবান আলী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। নির্বাচন কমিশনার মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। আগামী দুই সপ্তাহের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।”
উপস্থিত ফেনীবাসীরা নির্বাচন সফল করতে আহ্বায়ক কমিটি ও নির্বাচন কমিশনকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন প্রধান আহ্বায়ক ওয়ালী উল্লাহ বাচ্চু।