২৭ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির সাবেক ভিসি ও রেজিস্ট্রার এর বিরুদ্ধে দুদকের মামলা

পবিপ্রবির সাবেক ভিসি ও রেজিস্ট্রার এর বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইউজিসির অনুমোদন ও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অতিরিক্ত ১৬ কর্মকর্তা-কর্মচারী এবং দুই শিক্ষক নিয়োগের মাধ্যমে সরকারের প্রায় ৮১ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (২৭ অক্টোবর)  দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী তাপস বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় প্রধান অভিযুক্তরা হলেন— বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত এবং সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু। বর্তমানে তাঁরা যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব ও উদ্যানতত্ত্ব বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

ইউজিসির অনুমোদন ও পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে অতিরিক্ত জনবল নিয়োগে ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক ভিসি ও রেজিস্ট্রার। বিশেষ করে, সেকশন অফিসার পদে অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত তিনজনের মধ্যে সাবেক ভিসি স্বদেশ চন্দ্র সামন্তের নিজের ছেলেও রয়েছেন।

২০২২ সালের ১৬ নভেম্বর ৯টি পদে ২১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেখান থেকে অতিরিক্ত ১৬ জনকে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সেকশন অফিসার পদে ৩ জন, অফিস সহায়ক পদে ৫ জন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে ৩ জন এবং বুক বাইন্ডার, কিচেন হেলপার, অ্যাটেনডেন্ট, হেলপার ও মালী পদে ১ জন করে অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়। এতে বেতন-ভাতা বাবদ সরকারের ৫২ লাখ ৬৭ হাজার ৪৩৮ টাকা ক্ষতি হয়েছে।

অপরদিকে, ২০২২ সালে কৃষিতত্ত্ব এবং পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং বিভাগে একটি করে প্রভাষক পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও দুটি বিভাগেই দু’জন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই দুই অতিরিক্ত শিক্ষক নিয়োগে সরকারের আরও ২৮ লাখ ৭ হাজার ৬৯৩ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

সব মিলিয়ে ১৮ জন অতিরিক্ত জনবল নিয়োগে সরকারের মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডগুলোর সভাপতি ছিলেন তৎকালীন ভিসি স্বদেশ চন্দ্র সামন্ত এবং সদস্যসচিব ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু। তাঁরা নিয়োগ বোর্ডের সদস্যদের প্রভাবিত করে অতিরিক্ত জনবল নিয়োগের সুপারিশ নেন এবং পরবর্তীতে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত তৈরি ও অনুমোদনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

দুদক জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।