৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস পালিত

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও টেকসই নগরায়ণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আশরাফুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

সভায় বক্তব্য দেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. জিয়াউর রহমান, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শাহআলম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। 

বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করা জরুরি। অপরিকল্পিত নগরায়ণ পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি নাগরিক জীবনে নানা সংকট সৃষ্টি করে। তাই নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ, জনসংখ্যা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।